বালাগঞ্জ উপজেলার মোরার বাজার-কুবেরাইল সড়কে আরসিসি ঢালাই কাজ শুরু হয়েছে। এ প্রকল্প আলোর মুখ দেখায় এলাকাবাসী সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র অধিনে এ সড়ক আরসিসি ঢালাই ও প্রশস্তকরণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। দীর্ঘ প্রায় ৫ কিলোমিটার সড়কের ওই অপ্রশস্ত অংশে দীর্ঘদিন যাবত যানবাহন ও পথচারী চলাচলে স্থানীয় লোকজনকে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স প্রিমিয়াম ট্রেডিং সিলেটের ফিল্ড কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন জানান, প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮ লাখ ৪৮ হাজার ৫শ’ ৬৮ টাকা। ঢালাই কাজ শেষে সড়কের প্রশস্ততা দাঁড়াবে ২.৮০ মিটার (প্রায় ৯ ফুট)। ২০১৯-২০২০ অর্থ বছরে এ প্রকল্পের আওতায় সড়কের অসম্পূর্ণ অবশিষ্ট অংশ ১ হাজার ৩০ মিটার ঢালাই ও প্রশস্তকরণ কাজ শেষ হবে। এদিকে, এলাকাবাসী তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
আলাপকালে দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব আব্দুল কাদির খসরু, উপজেলা আওয়ামী লীগের সদস্য মইনুল ইসলাম সালেহ, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, দত্তপুর গ্রামের কয়েসুল আলম কয়েছ, আহমদপুর গ্রামের আব্দুল্লাহ রহমান প্রমুখ জানান, মোরারবাজার কুবেরাইল সড়কের অসম্পূর্ণ অংশের আরসিসি ঢালাই কাজ শেষ হলে স্থানীয় আহমদপুর, কালিমাঞ্জি, দত্তপুর, কলুমা, মোহাম্মদপুর, শংকরপুর, পাঁচহাল, লামাপাড়া, গয়াসপুর, কুবেরাইল, কুকুরাইল, হুসেনপুর প্রভৃতি গ্রামের কয়েক সহস্রাধিক মানুষ সরাসরি উপকৃত হবেন।
