কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে নিয়োগপত্র ও বদলির সুপারিশ প্রদানসংক্রান্ত জালিয়াতি সম্পর্কে সতর্ক করেছে ভূমি মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছুসংখ্যক দুর্নীতিবাজ অসাধুচক্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র প্রদান করছে, এ ছাড়া কেউ কেউ বদলির কথা বলে মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থায় কর্মরতদের থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। এমনকি ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নাম ভাঙিয়ে সরাসরি মোবাইল ফোনের মাধ্যমে চাঁদা দাবি করছে। এ সম্পর্কে ভূমি মন্ত্রণালয় কিংবা এর আওতাধীন কোনও দফতর ও সংস্থার কোনও সংশ্লিষ্টতা নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ভূমি মন্ত্রণালয় কিংবা এর আওতাধীন দফতর ও সংস্থায় চাকরি প্রদানের নাম করে, বদলির ভুয়া তদবিরে কিংবা মন্ত্রণালয়ে কর্মরতদের নাম ভাঙিয়ে কেউ যদি অর্থ দাবি তথা চাঁদা দাবির মতো গুরুতর ও দণ্ডনীয় ফৌজদারি অপরাধ করে তাহলে তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া অসাধুচক্রের কর্মকাণ্ডে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়। এতে বলা হয়, এই ব্যাপারে ভূমি মন্ত্রণালয় বেশ কয়েকবার সতর্কীকরণ বিজ্ঞপ্তিও প্রকাশ করার পরও চক্র এখনো সক্রিয় রয়েছে। প্রয়োজনে, ভূমি মন্ত্রণালয়-সংক্রান্ত কোনও তথ্যের জন্য সংশ্লিষ্ট সবাইকে ‘তথ্য প্রদানকারী কর্মকর্তা’ হিসেবে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুর রহমানের (মোবাইল নম্বর- ০১৭১৮৬৩৩৩৭৫) কাছ থেকে যাচাই করে নেওয়ার জন্যও বলা হয়েছে।