বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট ঘিরে কৌতূহল ছিল সবারই। বিশেষ করে সবচেয়ে বেশি আকর্ষণ ছিল সাকিবের প্রতি। নিষেধাজ্ঞা কাটিয়ে এই টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরতে যাচ্ছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

প্লেয়ার্স ড্রাফটের শুরুতেই সাকিব আল হাসানকে দলে নেয় জেমকন খুলনা। সাকিব ছাড়াও এই দলে আরও একজন আইকন খেলোয়াড় ডাক পেয়েছেন। সাকিবের পরই তারা দলে ভেড়ায় আরেক অলরাউন্ডার মাহমুদউল্লাহকে। দুজনেরই মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ টাকা করে।

এই দলে ব্যাটসম্যান হিসেবে আরও আছে ইমরুল কায়েস। যার পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। এ ছাড়া আছে উইকেটকিপার ব্যাটসম্যান এনামুল হক বিজয়। তার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ টাকা। এ ছাড়া পেসারদের তালিকায় আছে আল-আমিন হোসেন, আরিফুল হক, শহীদুল এবং শফিউল। তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকেও দলে ভিড়িয়েছে খুলনা।

প্লেয়ার্স ড্রাফট থেকে দলে নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুকে। এ ছাড়া শেষ রাউন্ডে ড্রাফট থেকে দলে নেওয়া হয়েছে আরেক অভিজ্ঞ ক্রিকেটার জহুরুল ইসলাম অমিকে। ক্রিকেটারদের এই তালিকাই বলে দিচ্ছে অন্যদের তুলনায় কিছুটা শক্তিশালী দল গড়েছে জেমকন খুলনা। তবে মাঠের এই শক্তিমত্তা প্রমাণ হবে মাঠের খেলায়। সে পর্যন্ত অপেক্ষা।