মৌলভীবাজারের কুলাউড়ায় জমি দখল করতে এসে দুস্কৃতিকারীদের হাতে গীর্জায় হামলার ঘটনা ঘটেছে। সোমবার ( ৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ইছাছড়া পুঞ্জিতে এঘটনা ঘটে। এসময় দূর্বৃত্তরা পুঞ্জির ক্যাথলিক গীর্জা ভাংচুরের পাশাপাশি ও নির্বিচারে হামলা চালায়। এতে ৫ আদিবাসী লোকজন আহত হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় পুঞ্জীর বাসিন্দাদের মধ্যে আতংক ও ক্ষোভ দেখা দেয়।

জানা গেছে, উপজেলার ইছাছড়া পুঞ্জির খাসিয়ারা পান চাষ করে জীবন জীবিকা চালান। সেখানে ৫২টি পরিবার বসবাস করেছে । একই পুঞ্জির বাসিন্দা জেসপার আমলারং এর প্রায় পাঁচ একর জায়গাজুড়ে একটি পানের জুম রয়েছে। এই জুমটি দখলে নিতে গত ২৭ সেপ্টেম্বর একই উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্রিউলি গ্রামের বাসিন্দা দুবাই প্রবাসী রফিক মিয়ার নেতৃত্বে ১৫-২০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে রাতে জেসপারের জমিতে হামলা করে। এসময় জুমের পাহারাদারদের তাড়িয়ে দিয়ে জুমটি দখল করে নেয়।

এবিষয়ে রফিক মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগও করা হয়।

দীর্ঘ প্রায় দুই মাস বেদখল থাকার পর ৯ নভেম্বর দুপুর ১১ টার দিকে ইউএনও এ টি এম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. তানভীর হোসেনসহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) শ্রীমঙ্গল ক্যাম্প ও কুলাউড়া থানার পুলিশের একটি দল যৌথ অভিযান চালায়। পরে পান জুমটি উদ্ধার করে মালিককে বুঝিয়ে দেয়া হয়।

এরপর দুই মাস পর জুমটি প্রশাসনের পক্ষে পুঞ্জির আদীবাসীদের বুঝিয়ে দেয়ার কয়েক ঘন্টার ব্যবধানে একইদিন রাতে পুঞ্জিতে হামলার ঘটনা ঘটে। এঘটনায় রাতেই কুলাউড়া থানা পুলিশকে জানানো হয়েছে।

অভিযুক্ত রফিক মিয়া জানান, ‘এটা তাদের বাপ দাদাদ পৈতৃক সম্পত্তি। আমাদের পৈতৃক সম্পত্তি আমরা দখল করতে যাব কেন? বলে তিনি জানান।