করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন স্থগিত ছিল দেশের ক্রিকেট। মাঠে খেলা ফেরাতে নানা উদ্যোগ নিয়েছে বিসিবি। তারই অংশ হিসেবে প্রেসিডেন্ট কাপ টুর্নামেন্টের পর এবার আয়োজিত হচ্ছে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্ট। কর্পোরেট এ টি-টুয়েন্টি টুর্নামেন্টে খেলোয়াড়দের পারিশ্রমিক চূড়ান্ত হয়েছে।

নভেম্বরের শেষ সপ্তাহে শুরু হবে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ। এর আগে দল গঠনের জন্য আগামী ১২ নভেম্বর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। ড্রাফটের ক্রিকেটারদের চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সবচেয়ে দামি তথা ‘এ’ গ্রেডের খেলোয়াড়রা পাবেন ১৫ লাখ করে টাকা। এই তালিকায় আছেন সাকিব-তামিম-মুশফিকরা।

জাতীয় দলের এই তিন তারকা ক্রিকেটার ছাড়াও আরও দুজন আছে ‘এ’ গ্রেডে। তারা হলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান। অবশ্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় রিয়াদের খেলা নিয়ে কিছুটা শঙ্কা জেগেছে।

‘বি’ গ্রেডের ক্রিকেটারদের পারিশ্রমিক ১০ লাখ টাকা করে। এই ক্যাটাগরিতে আছেন ২০ জন ক্রিকেটার। ৬ লাখ টাকা করে পাবেন ‘সি’ গ্রেডের ক্রিকেটাররা। এই গ্রেডে জায়গা পেয়েছেন ২৫ জন ক্রিকেটার। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে সর্বনিম্ন পারিশ্রমিক পাবেন ‘ডি’ গ্রেডের ক্রিকেটাররা। তাদের প্রত্যেকে পাবেন ৪ লাখ টাকা।

এদিকে বিশেষ এই টি-টুয়েন্টি টুর্নামেন্টে অংশ নেয়া পাঁচ দলের নাম নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এগুলো হচ্ছে- বেক্সিমকো ঢাকা, গাজী গ্রুপ চট্টগ্রাম, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা এবং ফরচুন বরিশাল।

পাঁচ দলের এই লিগে প্রতিটি দলের কোচিং স্টাফ ঠিক করে দিচ্ছে বিসিবি। সব দলের সঙ্গেই জাতীয় দলের দেশি-বিদেশি স্টাফরা কাজ করবেন। এছাড়া স্থানীয় কোচরাও বিভিন্ন দলের কোচিং স্টাফে সুযোগ পাবেন।

এই টুর্নামেন্টে অংশ নেয়া প্রতিটি ফ্র্যাঞ্চাইজি বিসিবিকে ২ কোটি টাকা করে দেবে। এই অর্থ ক্রিকেটারদের পারিশ্রমিকে ব্যয় করা হবে।