লিগ ১-এর নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছিল ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
আর সেই দল এখন টানা ৮ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে এসেছে।

গত কয়েক ম্যাচের মতো শনিবার রাতেও রেনের বিপক্ষে দাপুটে খেলে জয় পেয়েছেন থমাস টুখেলের শিষ্যরা।

নিজেদের ঘরের মাঠে রেনেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে নেইমার ও এমবাপ্পেবিহীন পিএসজি।

এই তিন গোলের মধ্যে দুটি করেছেন আর্জেন্টিনার অভিজ্ঞ তারকা ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া।

চোটের কারণে গতকালের ম্যাচটিতে ছিলেন না পিএসজির সেরা দুই তারকা নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে। তবে মারিয়া সেই অভাব বুঝতেই দেননি।

যদিও প্রথম গোলটি আসে ময়সে কিনের পা থেকে। ম্যাচের ১১ মিনিটের সময় ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাঁপান তিনি।

এর মিনিট দশেক পরেই ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া। অ্যান্ডেন হেরেইরার কাছ থেকে বল পেয়ে চমৎকারভাবে কাটিয়ে রেনের রক্ষণভাগকে পরাস্ত করে জালের ঠিকানা খুঁজে নেন মারিয়া।

প্রথমার্ধে আর কোনো গোল না হলে ২-০ স্কোরলাইনে বিরতিতে যায় পিএসজি-রেন। দ্বিতীয়ার্ধে নেমে ৭৩ মিনিটের সময় ফের রেনের জাল কাঁপান মারিয়া। ডি-বক্সের বাইরে থেকে বাম পায়ের জাদুকরী শটে নিজের জোড়া গোল পূর্ণ করেন।

এর পর আর কোনো গোল না হলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

এ জয়ের পর ১০ ম্যাচে ৮ জয় থেকে পাওয়া ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে পিএসজি। সমান ম্যাচে ৫ জয় ও ৩ ড্রতে ১৮ পয়েন্ট নিয়ে রেনের অবস্থান তৃতীয়। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে লিল।