চট্টগ্রাম-কলকাতা রুটে স্পাইস জেট ফ্লাইটের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এম ফরহাদ হোসাইন খান ফিতা কেটে ফ্লাইটের উদ্বোধন করেন।
আজকের উদ্বোধনী ফ্লাইটে চট্টগ্রাম থেকে কলকাতা গেছেন ৪৬ জন যাত্রী। আর কলকাতা থেকে চট্টগ্রামে আসবেন ২০ জন যাত্রী।
এ সময় উইং কমান্ডার এম ফরহাদ হোসাইন খান বলেন, স্পাইস জেটের ফ্লাইট চালুর ফলে চট্টগ্রাম থেকে কলকাতাগামী ব্যবসায়ী, রোগী, ছাত্র, পর্যটক সবার সুবিধা হবে। যাত্রী, কার্গো পরিবহন বাড়বে।
প্রসঙ্গত, স্পাইস জেটের বহরে রয়েছে ৭৪টি বোয়িং ৭৩৭, ২৬টি বোম্বারডিয়ার কিউ-৪০০, ১১টি বি৭৩৭ ও বোম্বারডিয়ার কিউ ৪০০। প্রাথমিক পর্যায়ে চট্টগ্রাম-কলকাতা রুটে সপ্তাহে চারটি শনিবার, রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার ননস্টপ ফ্লাইট পরিচালনা করবে।
কলকাতা থেকে ফ্লাইট ছাড়বে সকাল ১০টা ৫ মিনিটে, চট্টগ্রাম পৌঁছাবে দুপুর পৌনে ১২টায়। চট্টগ্রাম ছাড়বে দুপুর সাড়ে ১২টায়, পৌঁছাবে বেলা ১টা ১০ মিনিটে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্পাইস জেটে কলকাতা-চট্টগ্রাম রুটের ভাড়া ৪২৫৫ ভারতীয় রুপি, চট্টগ্রাম-কলকাতা রুটে ৪৯৩৯ রুপি, কলকাতা-ঢাকা রুটে ৪৬৩৮ রুপি, ঢাকা-কলকাতা ৫৪৭৮ রুপি, দিল্লি-ঢাকা ৭৭৪৯ রুপি, ঢাকা-দিল্লি ১০১৩৫ রুপি, রচন্নাই-ঢাকা ৫১২৮ রুপি ও ঢাকা- চেন্নাই ৭৩০৮ রুপি ভাড়া নির্ধারণ করা হয়েছে।
