পার্টিজান বেলগ্রেডের টিনএজ উইঙ্গার ফিলিপ স্টিভানোভিচ জানুয়ারিতে শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে ম্যানচেস্টার সিটিতে যোগ দিবেন। সার্বিয়ান ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ১৮ বছর বয়সী স্টিভানোভিচের চুক্তির ব্যপারে সিটি কিছু জানায়নি। কিন্তু স্কাই স্পোর্টস জানিয়েছে, প্রিমিয়ার লিগের ক্লাবটি আট মিলিয়ন ইউরোর বিনিময়ে সার্বিয়ান যুব দলের এই উইঙ্গারকে দলে ভেড়াতে যাচ্ছে।

ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এফসি পার্টিজান অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে ফিলিপ স্টিভানোভিচ ২০২১ সালের ট্রান্সফার উইন্ডোতে ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাচ্ছে। ইউরোপের অন্যতম সেরা এই ক্লাবে ফিলিপের ট্রান্সফার এটাই প্রমাণ করে যে, পার্টিজানের অবকাঠামো বেশ শক্তিশালী।’

গত মৌসুমে দুর্দান্ত পারফরমেন্সের কারণে বেশ কয়েকটি ইউরোপীয়ান ক্লাবের নজড় কাড়তে সক্ষম হয় স্টিভানোভিচ। সুপার লিগার ক্লাবটির হয়ে আগের মৌসুমে স্টিভানোভিচ ৯টি গোল করা ছাড়াও তিনটি অ্যাসিস্ট করেছিলেন।