টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন ভারতের সাবেক পেস অল-রাউন্ডার ইরফান পাঠান। এবার তিনি লঙ্কান প্রিমিয়ার লিগে খেলবেন ক্যান্ডি ফ্র্যাঞ্চাইজির হয়ে। যে দলের মালিক আবার বলিউড অভিনেতা সালমান খান। ক্যান্ডি টাসকার্স দলে পাঠানের সতীর্থ হিসাবে পাবেন ওয়াহাব রিয়াজ, কুশল পেরেরা, ক্রিস গেইলকে। কোচিং স্টাফ হিসাবে আছেন হাসান তিলকরত্নের মতো তারকা।
বরাবরই সালমান খানের গুণমুগ্ধ ইরফান। সেই সালমান খানের দলের কাছ থেকে প্রস্তাব পেয়ে অবসর ভাঙতে দ্বিতীয়বার ভাবেননি।ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে পাঠান বলেছেন, ‘আমি এই লিগে খেলার জন্য মুখিয়ে আছি। আমি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছি। তবে বিদেশের বিভিন্ন প্রান্তের লিগে খেলব। আশা করি এই লিগে খেলা উপভোগ করতে পারব। যা গত ২ বছর পারিনি। ব্যক্তিগতভাবে আমার ধারণা, এখনো আমার মধ্যে খেলা বেঁচে আছে। ধীরে ধীরে খেলা শুরু করব। তারপর দেখা যাক কি হয়।
শেষবার পাঠানকে চ্যারিটি ক্রিকেট ম্যাচে লিজেন্ডস দলের হয়ে খেলতে দেখা গিয়েছিল। লঙ্কান প্রিমিয়ার লিগ ২১ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১২ ডিসেম্বর। এতে খেলবে ৫টি দল। এই ফ্র্যাঞ্চাইজি লিগে বিনিয়োগ করেছে সোহেল খান ইন্টারন্যাশনাল কনসর্টিয়াম। যেখানে শেয়ার রয়েছে সালমান খান এবং তার বাবা সেলিম খানের। ক্যান্ডি ফ্র্যাঞ্চাইজির মালিকানা সালমান খানের পরিবারের দখলে। সোহেল খান বিবৃতিতে জানিয়েছেন, ‘ইরফানের অন্তর্ভুক্তি শুধুমাত্র দলের শক্তিই বাড়াবে না, সেই সঙ্গে তার অভিজ্ঞতা দলের সম্পদ হয়ে উঠবে।
