বর্তমান সময়ে সবচেয়ে আরাধ্য জুটিদের অন্যতম কোহলি-আনুশকা। জানুয়ারিতে তাঁদের ঘরে নতুন অতিথি আসতে যাচ্ছে। প্রেমের নতুন অভিধান তৈরি করা এই পাওয়ার কাপলের ভালোবাসার শুরুর দিনগুলো কি এতটাই মসৃণ ছিল? মোটেও না। বেশ কয়েকবার দুজনের ছাড়াছাড়ি হওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু শেষ পর্যন্ত জয় হয়েছে প্রেমের। তাঁদের প্রথম দেখার মুহূর্ত কিন্তু কোহলির জন্য মোটেও সুখকর ছিল না। বেশ ভড়কে গিয়েছিলেন তিনি।
২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় প্রথম দেখা হয়েছিল কোহলি-আনুশকার। সে দিন থেকেই প্রেম শুরু। সেদিন হাই হিল জুতা পরে সেটে এসেছিলেন আনুশকা। কোহলির চেয়ে তাঁর উচ্চতা অনেকটা বেশি বলেই মনে হচ্ছিল। এদিকে শুটিং নিয়ে একটু চিন্তায় ছিলেন কোহলি। আলাপ করে আনুশকার সঙ্গে সম্পর্ক সহজ করার উদ্দেশ্যে মজার ছলেই তাঁকে বলেন, ‘এর থেকে উঁচু হিল ছিল না?’ আনুশকার ভাবটা ছিল, ‘এক্সকিউজ মি!’ এতে অপ্রস্তুত হয়েই কোহলি বলে ফেলেন, ‘আমি মজা করছিলাম।’
কোহলির কথায়, ‘আনুশকাকে এত আত্মবিশ্বাসী মনে হচ্ছিল, আর আমি একেবারে বোকা বনে গিয়েছিলাম।’ সম্পর্ক শুরু হওয়ার পর থেকে কোনো দিনই তা গোপন করেননি দুই তারকা। ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতীয় ক্রিকেট দল মুম্বাই ফেরার পরই কোহলি সোজা গিয়েছিলেন আনুশকার বাড়িতে। এরপর আনুশকাও ভারতীয় দলের নিউজিল্যান্ড সফরের সময় কোহলির সঙ্গে গিয়ে দেখা করেছিলেন। এরপর অসংখ্যবার একসঙ্গে জনসমক্ষে আসায় প্রমাণ হয়ে গিয়েছিল, তারা জমিয়ে প্রেম করছেন।
