বিশ্বের চতুর্থ ও প্রথম পেস বোলার হিসেবে গত আগস্টে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে ৬শ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। অ্যান্ডারসনের এমন কীর্তিতে সম্মানসরূপ তার নামে সড়কের নামকরণে কাউন্সিলে প্রস্তাব রেখেছেন সেই বার্নলি মেয়র ওয়াজিদ খান।১৯৮২ সালের ৩০ জুলাই ইংল্যান্ডের বার্নলিতে জন্মগ্রহণ করেন অ্যান্ডারসন। তাই বার্নলিতেই অ্যান্ডারসনের নামে সড়কের নামকরণের প্রস্তাব দেন ওয়াজিদ।

ওয়াজিদ বলেন, ‘প্রথম পেসার হিসেবে টেস্টে এমন ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করায় অ্যান্ডারসনের সম্মানে বার্নলিতে রাস্তার নামকরণ করা হবে। অ্যান্ডারসনের জন্মগ্রহণ বার্নলিতে এবং এখানকার ক্রিকেট ক্লাবে তিনি ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন। এখনো এখানকার ক্রিকেটের সাথে তিনি জড়িত আছেন।’

২০০৩ সালে টেস্ট ক্রিকেটে পথচলা শুরু হয় ৩৮ বছর বয়সী অ্যান্ডারসনের। ১৫৬ টেস্টে ৬শ উইকেট শিকার করেছেন তিনি। ১৯৪ ওয়ানডেতে ২৬৯ ও ১৯টি টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৮ উইকেট। বার্নলির মেয়র ওয়াজিদ আরও বলেন, ‘তরুণদের জন্য অ্যান্ডারসন একজন রোল মডেল। ক্রিকেট ক্যারিয়ারে ৬শ উইকেট অনেক বড় অর্জন। কঠোর পরিশ্রমের মাধ্যমে সে বিশ্বের অন্যতম সেরা একনজন পেসার।’