বেশ শক্তপোক্ত উর্ধমুখী প্রবণতায় যখন মার্কিন অর্থনীতি তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। তার শাসনামলের প্রথম তিন বছর ভালোই চলছিল। তবে, ট্রাম্পের অর্জনকে বাজেভাবে দৃশ্যপটে তুলে ধরে অদৃশ্য করোনাভাইরাস।

মার্কিন সংবাদ সংস্থা সিএনএন ট্রাম্প ও তার আগের কয়েকজন প্রেসিডেন্টের শাসনামলে মার্কিন অর্থনীতির তুলনা করে একটি সংবাদ প্রকাশ করেছে। যেখানে বলা হচ্ছে, ২০১৭ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন সেসময় বেশ স্বাস্থ্যবান ছিল দেশটির অর্থনীতি। করোনার আগ পর্যন্ত মার্কিন অর্থনীতিকে এগিয়ে নিতে টানা ৭৬ মাস কর্মসংস্থান সুযোগও তৈরি হয়েছে। তার ক্ষমতা নেয়ার সময়কালে বেকারত্ব ছিল ৪.৭ শতাংশে যা আগের দশ বছরের মধ্যে সর্বনিম্ন। তার আমলে করপোরেট লাভ হয়েছে এ যাবৎকালের বেশি, শেয়ারবাজারও থেকেছে চাঙ্গা। বছরে জিডিপি বেড়েছে ২.৫ শতাংশ হারে। কিন্তু সব কিছু তো আর মুদ্রার এক পিঠেই থাকে না। মুদ্রার অপর পিঠও দেখতে হয়েছে এই ক্ষ্যাপাটে মার্কিন প্রেসিডেন্টকে। ১৯৫০ সালের পর তার আমলেই সর্বোচ্চ পর্যায়ে উঠেছে সরকারি ঋণের পরিমাণ। পড়তে হয়েছে মহামন্দার মুখে।

রোনাল্ড রিগ্যান থেকে ট্রাম্প; ১০টি সূচকের বিবেচনায় বিশ্লেষণ করা হয়েছে তাদের আমলের মার্কিন অর্থনীতির দশা। এটা ঠিক, প্রত্যেক প্রেসিডেন্টই ভিন্ন ভিন্ন পরিস্থিতে ক্ষমতা গ্রহণ করেছেন। যেমন, জর্জ ডব্লিউ বুশের প্রথম বছর গেছে নাইন-ইলেভেনের সন্ত্রাসী হামলার বেসামাল পরিস্থিতির মধ্য দিয়ে। বারাক ওবামা ক্ষমতায় আসেন বৈশ্বিক মহামন্দাকালে। তুলনামূলকভাবে তাদের থেকে অনেক ভালো অবস্থান থেকে শাসন শুরু করেন ট্রাম্প। তবে, এমন এক সময় রিপাবলিকানদের হয়ে হোয়াইট হাউজে দ্বিতীয় মেয়াদে থাকার জন্য প্রেসিডেন্ট নির্বাচন করতে চলেছেন ট্রাম্প যখন করোনার দাপটে প্রায় সূতাকাটা ঘুড়ি হয়ে উড়ছে মার্কিন অর্থনীতি; বিপর্যস্ত দেশটির স্বাস্থ্যখাতও।

১. চাকরির বাজারে ধরাশায়ী ট্রাম্প:
২০২০ সালের আগ পর্যন্ত বেশ শক্ত অবস্থানে ছিল মার্কিন চাকরি বাজারের। কিন্তু করোনার কারণে মাত্র ২ মাসে দেশটির ১৫ শতাংশ চাকরিজীবী তাদের চাকরি হারান। এরপর মে থেকে চাকরির সুযোগ হতে থাকায় এরই মধ্যে তাদের প্রায় অর্ধেক আবার চাকরিতে যোগ দিয়েছেন। কোন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে চাকরির এতো বাজে অবস্থা ট্রাম্পের আগে আর কারও আমলেই ছিল না। প্রথমবার ক্ষমতায় এসে খুব বেশি না হলেও চাকরির বাজারকে নেতিবাচক অবস্থান থেকে ইতিবাচক অবস্থানে নিয়ে গিয়েছিলেন ওবামা। ওবামা যখন ক্ষমতায় আসেন তখন প্রতি মাসে হাজার হাজার কর্মী তাদের চাকরি হারাচ্ছিলেন। কারণ, তখন চলছিল বিশ্ব মহামন্দা।

২. বেকারত্বের রেকর্ড ট্রাম্পের:
একটি ভালো মত সচল থাকা চাকরির বাজার পঙ্গুত্ববরণ করে ট্রাম্পের আমলেই। ওবামার রেখে যাওয়া উর্ধমুখী চাকরির বাজারের কোমর ভেঙে ফেলেছে ট্রাম্পের আমলের করোনাভাইরাস। বেকারত্বের হার উঠেছিল ১৫ শতাংশে (১৪.৯)। এরপর অবশ্য কিছুটা কমেছে। এর আগে আর কোন মার্কিন প্রেসিডেন্ট এত বড় বেকারত্বের চাপে পড়েনি।

৩. মধ্যম আয়ের মানুষের আয় বৃদ্ধিতে হেসেছেন ট্রাম্প:
ট্রাম্প বরাবরই মধ্যম আয়ের মানুষের আয় বৃদ্ধি নিয়ে কথা বলতে পছন্দ করেন। গত সেপ্টেম্বরের দেশটির পরিসংখ্যান ব্যুরোর হিসাব বলছে, ২০১৯ সালে মার্কিন মধ্যম আয়ের একটি পরিবারের আয় ঠেকেছে ৬৮ হাজার ৭০৩ ডলারে; ২০১৬ সালের তুলনায় ৫ হাজার ৮শ’ ডলার বা ৯ শতাংশ বেশি। এই জায়গাতে অনেকটা এগিয়ে ট্রাম্প। তবে, এক্ষেত্রে চাকরি হারানো মার্কিনিদের দেয়া বেকারভাতারও একটা ভূমিকা রয়েছে।

৪. শেয়ারবাজারের উত্থান:
ওবামার আমল থেকে শুরু হওয়া মার্কিন পুঁজিবাজারের উত্থান ধরে রেখেছেন ট্রাম্পও। তবে, মাঝখানে করোনার কারণে অর্থনৈতিক অস্থিরতায় বেশ বেগতিক হয়ে পড়েছিল দেশটির শেয়ারবাজার। করোনায় পতনের মুখে পড়া মার্কিন শেয়ারবাজারের সূচক এসঅ্যান্ডপি-৫০০, ৩৪ শতাংশ পড়ে গিয়েছিল। তবে, ২৭ অক্টোবর পর্যন্ত হিসাবে দেখা গেছে এই সূচকের উত্থান ঘটেছে ৪৯ শতাংশ। ক্ষমতায় আসার পরই কোম্পানি কর মওকুফ করে ব্যবসায়ীদের বিনিয়োগের পথ সুগম করে দেন ট্রাম্প; যার কারণে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চলার পরও শক্ত অবস্থানেই থেকেছে মার্কিন পুঁজিবাজার। করোনার তাণ্ডবের মধ্যে দ্রুত এই পুঁজিবাজারের ঘুরে দাঁড়ানোকেই ট্রাম্পের জন্য সবচেয়ে বড় পাওয়া হিসাবে দেখা হচ্ছে। কারণ, ওবামার আমলে এই সূচকের উত্থান হয়েছিল ৭৬ শতাংশ আর ক্লিনটনের আমলে হয়েছিল ৬৪ শতাংশ।

৫. শক্ত অবস্থানে আবাসন খাত:
এই মহামারির কবলে পড়েও নাটকীয়ভাবে ধসে পড়েনি মার্কিন আবাসন খাত। এর বড় কারণ, ঋণের বিপরীতে সর্বোচ্চ কম সুদ নির্ধারণ ও স্বাস্থ্যবিধি মেনে হোম-অফিস চালুর সিদ্ধান্তে উপশহর ও প্রত্যন্ত অঞ্চলে বাড়ি বেচাকেনা বেড়ে যায়। এতে দামও বেড়েছে। ট্রাম্পের আমলেই বাড়ি বেচাকেনায় আগের তুলনায় দাম বেড়েছে ২১ শতাংশ পর্যন্ত।

৬. খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি:
মার্কিন প্রেসিডেন্ট রিগ্যান, জর্জ এইচ ডব্লিউ বুশ, ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশের সময়কার তুলনায় ট্রাম্পের আমলে খাদ্যদ্রব্যের দাম বেড়েছে ৯ শতাংশ। এতে করে এ সমস্ত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো খুশি হলেও চাপে পড়েছে ভোক্তাদের ওপর।

৭. দো-টানায় ভোক্তা ব্যয়:
ভোক্তা ব্যয় মার্কিন অর্থনীতির একটি অন্যতম বড় চালিকা শক্তি। করোনা মহামারির শুরুর দিকে ভোক্তারা তাদের ব্যয় কমালেও মে-জুনের দিকে এসে আবার ভোক্তা ব্যয় বাড়তে থাকে। করোনায় পড়ে গিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকা মার্কিন অর্থনীতির সময়কালে ভোক্তার ব্যয় কিছুটা হলেও বেড়েছে; ট্রাম্পের আগের ৫ প্রেসিডেন্টের সময়কালের তুলনায়।

৮. উত্থান-পতনে উৎপাদনশীল খাতে চাকরির সুযোগ:
১৯৭৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদনশীল খাতে চাকরির সবচেয়ে বড় সুযোগ ছিল। এরপর ক্লিনটন একটা ভালো সুযোগ তৈরি করতে পেরেছিলেন। আর কেউ তেমন কিছু করতে পারেননি। তাই ট্রাম্প ক্ষমতা নেয়ার পর যখন এখাতে চাকরির বড় ধরনের সুযোগ করে দেয়ার কথা বলেছিলেন, তাকে ব্যঙ্গাত্মক মন্তব্যের শিকার হতে হয়েছিল। তবে, সমালোচিত হলেও তার মেয়াদের প্রথম ৩ বছরে দেশটির ম্যানুফ্যাকচারিং খাতে চাকরির একটা ভালো মতোই সুযোগ তৈরি করতে পেরেছিলেন তিনি। কিন্তু করোনা এসে উল্টে দেয় সব হিসাব। যাই বা এগিয়েছিলেন ট্রাম্প, করোনাকালে এই খাতের ১ লাখ ৬৪ হাজার কর্মীর চাকরির হারানোর পর সেই অর্জনে মাঠে মারা যায়। কারণ, এতে ট্রাম্প ক্ষমতা নেয়ার সময় এই খাতে যত সংখ্যক কর্মী ছিলেন, এখন সেই সংখ্যা থেকে কর্মী কমেছে ১.৩ শতাংশ।

৯. ঋণ-জিডিপি’র অনুপাত অস্বাভাবিক বৃদ্ধি:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ট্রাম্পের আমলেই সবচেয়ে বড় ঋণের তলে পড়েছে মার্কিন সরকার। দেশটির জিডিপির চেয়ে বর্তমানে ঋণের পরিমাণ বেশি। যা এ যাবৎকালের রেকর্ড।

১০. জিডিপি প্রবৃদ্ধি ও মন্দা:
বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ মার্কিন জিডিপির স্বাভাবিক প্রবৃদ্ধি ২ থেকে ৩ শতাংশের মধ্যেই থাকে। ট্রাম্পের শাসনামলের প্রথম ৩ বছরও ভালোই যাচ্ছিল। তবে, চলতি বছর এসে মন্দার কবলে পড়েছে। যদিও ২০২০ সালের ১২ মাসের হিসাব এখনই পাওয়া সম্ভব নয়, তবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের হিসাব বলছে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে মার্কিন জিডিপি। ১৯৪৭ সালের পর এমন বিপর্যয় ট্রাম্পের আমলে দেখল মার্কিন নাগরিকরা।