কয়েক দশকের লড়াই শেষে এখন সাফল্যের দোর গোড়ায় দাঁড়িয়ে আনোয়ার ইব্রাহিম। এখন কেবল মালয়েশিয়ার রাজার অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছেন ১০ বছর কারাভোগ করা এই নেতা। সবকিছু ঠিক থাকলে তাকে চলতি বছর তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে দেখবে মালয়েশিয়া।

প্রধানমন্ত্রী হওয়ার মতো প্রয়োজনীয় সমর্থন পেয়ে মঙ্গলবার সকালে রাজার সঙ্গে দেখা করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। রাজার অনুমতি পেলেই মার্চ থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা মুহিউদ্দিন ইয়াসিনের স্থলাভিষিক্ত হবেন তিনি।

গত সেপ্টেম্বরে আনোয়ার ঘোষণা দেন যে, নতুন সরকার গঠনের মতো শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন তিনি। এরপরও মালয়েশিয়ার রাজনীতির নাটকীয়তা নতুন রূপ পায়।

মালয়েশিয়ায় যখন করোনাভাইরাসের নতুন প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, ঠিক সেই সময়টাতে দেশটিতে ক্ষমতা নতুন করে লড়াই শুরু হয়েছে। কোভিড-১৯ এর নতুন সংক্রমণ ঠেকাতে রাজধানী কুয়ালালামপুর এবং দেশটির সবচেয়ে সমৃদ্ধ রাজ্য সেলানগরে দু সপ্তাহের লকডাউন আরোপ করতে যাচ্ছে কর্তৃপক্ষ।

গত মার্চে রাজনৈতিক অস্থিরতার সময় তখনকার পাকাতান হারাপান নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রী ৯৫ বছর বয়সী মাহাথির মোহাম্মদকে সরিয়ে ক্ষমতায় আসেন মুহিউদ্দিন।

২০১৮ সালে জাতীয় নির্বাচনে পাকাতান হারাপানের জয়ের পর প্রধানমন্ত্রী হন মাহাথির। কিন্তু জোটের অন্যদের সঙ্গে তার মতৈক্য ছিল যে, দু বছর ক্ষমতায় থাকার পর সরে দাঁড়াবেন তিনি। কিন্তু তাতে মাহাথির বেঁকে বসলে ক্ষমতা নিয়ে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়। ওই সময়টাতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হন মুহিউদ্দিন।