দিল্লিসহ আশপাশের এলাকা ছেয়ে গেছে ধোঁয়ায়। করোনার সময় লকডাউনের কারণে পরিবেশে স্বস্তি ফিরে এলেও, এখন সব খুলে দেয়ায় চরম দূষিত হয়ে গেছে ভারতের রাজধানী।
দুপুর বেলাতেই নয়াদিল্লিতে রাতের অন্ধকার। আকাশ দেখে বোঝার উপায় নেই এখন দিনের কোন অংশ। বাতাসের মান একেবারেই নিম্ন পর্যায়ে নেমেছে। অক্টোবরেই এত দূষণ দেখা যায়নি আগে কখনো।
স্থানীয় এক বাসিন্দা বলেন, করোনার লকডাউনের সময় পাঞ্জাব থেকে হিমালয় দেখা যাচ্ছিল। এখন দিল্লির রাস্তার এপাশ ওপাশ দেখা যায় না। পরিবেশ রক্ষায় আমরা কবে সচেতন হবো?
এরই মধ্যে শ্বাসকষ্ট দেখা দিচ্ছে বাসিন্দাদের। করোনা থেকে সুরক্ষায় মাস্ক পরে থাকা অস্থির জীবনে, নিরাপদ হাওয়া নেই বুক ভরে নিঃশ্বাস নেয়ার।
এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, ০ থেকে ৫০ ভালো মান হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ সন্তোষজনক। ১০১ থেকে ২০০ সাধারণ মানের। ২০১ থেকে ৩০০ খারাপ। বর্তমানে দিল্লি ওই খারাপ অবস্থাতেই পৌঁছেছে। তাই রাজ্যকে গ্যাস চেম্বারের সঙ্গে তুলনা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
মূলত পাঞ্জাব-হরিয়ানার কৃষি ক্ষেতে নতুন করে আবাদের জন্য, আগুন দেয়ায় ধোঁয়া ছড়াচ্ছে আশপাশের রাজ্যগুলোতে। যার সঙ্গে মেশে হিমালয় থেকে আসা অতি হিমেল হাওয়া। সৃষ্টি হচ্ছে ধোঁয়াচ্ছন্ন পরিবেশ।
