করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঝুঁকিপূর্ণ সময় পার করছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার করোনায় আক্রান্ত হওয়ার প্রকৃত সময় নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি।
এদিকে, স্থানীয় সময় শনিবার নতুন এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, দ্রুতই নির্বাচনী প্রচারণায় ফেরার বিষয়ে আশাবাদী তিনি।
মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, ট্রাম্পের এক ব্যক্তিগত সহকারীও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরাও।
সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের মনোনয়ন নিয়ে তুমুল বিরোধিতার মুখে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কে জানতো, সেই বিচারক মনোনয়নের অনুষ্ঠানই কাল হবে তার জন্য? ওই অনুষ্ঠানের পরই করোনার লক্ষণ দেখা দেয় প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির। আক্রান্ত হন সেখানে যোগ দেয়া আরও অন্তত আট থেকে দশজন। এ অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তবে কি তিনি কোভিড আক্রান্ত হয়েই বাইডেনের সঙ্গে প্রথম নির্বাচনী বিতর্কে অংশ নিয়েছিলেন ?
এদিকে, ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে একেক সময় একেক খবর পাওয়া যাচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রেসিডেন্টের শারীরিক অবস্থা অবনতি হয়নি, স্থিতিশীল রয়েছে। এর আগে হোয়াইট হাউজের চিফ অব স্টাফ মার্ক মিডোস জানান, প্রেসিডেন্টের জ্বর নেই, তবে শুক্রবার অক্সিজেনের মাত্রা দ্রুত ওঠা-নামা করেছে। এ অবস্থায় প্রেসিডেন্টকে সাপ্লিমেন্টাল অক্সিজেন দেয়া হয় বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। বলা হয়েছে পরবর্তী আটচল্লিশ ঘণ্টা ট্রাম্পের জন্য ঝুঁকিপূর্ণ।
এমন পরিস্থিতির মধ্যেই শনিবার হাসপাতাল থেকে ভিডিও বার্তা দেন ৭৪ বছর বয়সী ট্রাম্প। বলেন, তিনি ভালো আছেন, তবে পরবর্তী কয়েকটা দিন সবার জন্যই হবে আসল পরীক্ষা।
জানা যায়, অসুস্থ হলেও হাসপাতালে যেতে চাননি ট্রাম্প। কিন্তু তাকে অনেকটা জোর করে ভর্তি করা হয়েছে। এদিকে, প্রেসিডেন্টের করোনায় আক্রান্ত হওয়ার পরবর্তী ঘটনা-প্রবাহে হোয়াইট হাউজের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ট্রাম্পের অসুস্থতায় তার জন্য শুভ কামনা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও বারাক ওবামা।
এদিকে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে রিপাবলিকান দলের সব ধরনের প্রচারণা ও কর্মসূচি বাতিল করা হয়েছে। উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিরাও। তারা বলেন, আমরা উনাকে নিয়ে শঙ্কিত। আশা করছি এখন উনি উপলব্ধি করতে পারবেন করোনা ভাইরাস আসলেই সবার জন্যে অত্যন্ত মারাত্মক একটি অসুখ। তারা আরও বলেন, জানি না ভোটের কি অবস্থা হবে এখন। যদি ভোটগ্রহণ হয় আশাকরি সবাই ভোট দিতে পারবো।
অসুস্থতার কারণে ডোনাল্ড ট্রাম্প শারীরিকভাবে সক্ষমতা হারালে নির্বাচনের কি হবে? এ মাসেই যে দুটি নির্বাচনী বিতর্ক রয়েছে তাও হবে কি-না? এসব নানা বিষয় এখন ঝুলে আছে অনিশ্চয়তায়।
