রাতভর ভারী বর্ষণে তলিয়ে গেছে রংপুর নগরী। রাস্তাঘাটের পাশাপাশি ঘরবাড়িতে পানি উঠে যাওয়ায় আশ্রয় হারিয়ে পরিবার নিয়ে অনেকেই উঠেছেন স্কুল-কলেজের বারান্দায়। পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় জমে থাকা পানিতে বেশি দুর্ভোগে পড়েছেন নিচু এলাকার বাসিন্দারা।

শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়ায় ভারী বর্ষণ অব্যাহত ছিল রোববার সকাল ১০টাতেও। থেকে থেকে দমকা হাওয়া আর বজ্রসহ বৃষ্টিতে নগরীর প্রায় পুরোটাই ডুবে গেছে। ডুবে গেছে রাস্তা-ঘাট-অলিগলি, তলিয়ে গেছে ঘরবাড়ি।

খাট-পালঙে পানি ওঠায় মধ্যরাতেই অনেকে ঘর ছেড়েছেন। ঠাঁই নিতে শুরু করেছেন স্কুল-কলেজের বারান্দায়।

সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর প্রায় সাত বছরেও পরিকল্পিত ড্রেনেজ সিস্টেম গড়ে না ওঠায় জলাবদ্ধতা।

এখনও নগরীর পানি নিষ্কাশনের সবচেয়ে বড় মাধ্যম দেড়শ বছরের প্রাচীন শ্যামা-সুন্দরী খাল। কিন্তু সংস্কারে দফায় দফায় প্রায় ৫০ কোটি টাকা খরচের পর এ খালই এখন জলাবদ্ধতার প্রধান কারণ বলে অভিযোগ ভুক্তভোগী মানুষের।