নরসিংদীর রায়পুরায় তিন ব্যক্তি ভুয়া পুলিশ পরিচয়ে তাজেল মিয়া (৩৮) নামে এক মাছ বিক্রেতাকে মারধর করে তাঁর কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার মহেশপুর ইউনিয়নের সাপমারা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা তাদের ভুয়া পুলিশ জানতে পেরে দুই জনকে আটক করলে আরেকজন দৌঁড়ে পালিয়ে যায়। পরে আটকৃতদের পুলিশে হাতে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার মহেশপুর ইউনিয়নের বেগমাবাদ কাচারীকান্দি গ্রামের মহরম আলীর ছেলে মো. মামুন মিয়া (২৬), অলেক মিয়ার ছেলে মিজান মিয়া (২৩)। পলায়নকারী ইদ্রিস আলীর ছেলে কামরুল (৩০)। তাঁরা পেশায় অটো-রিকসা চালক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, গতরাতে তাজেল সাপমারা বাজার থেকে মাছ বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন। বাজারের চৌরাস্তা মোড়ে এলে পুলিশ পরিচয়ে তিন ব্যক্তি তাঁকে থামায়।
তাঁর বিরুদ্ধে মাদক কারবারির অভিযোগ এনে সাতাশ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে থানায় নেওয়ার জন্য জোর করলে তিনি ভয়ে চিৎকার করেন। তাঁর চিৎকারে এলাকার লোকজন জড়ো হলে তাঁরা নিজেদেরকে পুলিশ পরিচয় দেন। বিষয়টি নিশ্চিত হতে ইউপি সদস্য থানায় ফোন দিয়ে জানতে পারেন তাঁরা কেউ পুলিশ না। পরে উপস্থিত লোকজন মামুন ও মিজানকে আটক করতে পারলেও কামরুল সেখান থেকে দৌঁড়ে পালিয়ে যায়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করা হয়েছে আরেকজনকে আটকের চেষ্টা করা হবে।
