চাঁদাবাজির মামলায় গ্রেফতার হয়েছেন রাজশাহী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইমুল হাসান নাঈম। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে নগরীর সিঅ্যান্ডবি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

তার বিরুদ্ধে নগরীর সোনাদীঘি মোড় এলাকায় অবস্থিত ইউনি কেয়ার কোচিং সেন্টারে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগ রয়েছে। এ ঘটনায় কোচিং সেন্টারের পরিচালক রায়হান হোসেন বাদী হয়ে মঙ্গলবার রাতে নাঈম ও তার সহযোগী আসাদ এবং মারুফের নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলায় আরও চারজনকে অজ্ঞাত আসামি করা হয়। মারুফসহ বাকি আসামিরা পলাতক।

পুলিশ জানায়, মামলার পর এজাহারনামীয় আসামি আসাদকে গ্রেফতার করে পুলিশ। এরপর মামলার প্রধান আসামি নাঈমকেও গ্রেফতার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

মামলার বাদী ইউনি কেয়ার কোচিং সেন্টারের পরিচালক মো. রায়হান বলেন, গত বৃহস্পতিবার আসাদ ও মারুফ এসে তিন হাজার টাকা চাঁদা নিয়ে যান। সেদিন তারা কোচিং সেন্টারে ভাঙচুর চালান। বাধা দেয়ায় এক কর্মচারীকে মারধর করেন তারা। এ ঘটনার দুদিন পর শনিবার আবারও এসে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলেও জোর করে তিন হাজার টাকা নিয়ে যান। যাওয়ার সময় কোচিং সেন্টারে আবারও ভাঙচুর চালান তারা।

মো. রায়হান আরও বলেন, এরপর রোববার আবারও চাঁদা দাবি করেন তারা। তখন টাকা দিতে অস্বীকৃতি জানাই আমি। ওই সময় চাঁদার টাকা না পেলে কোচিং সেন্টারে ভাঙচুরের হুমকি দিয়ে যান নাঈম। তার কথামতো ওই দিন রাত ৮টার দিকে নাঈমের লোকজন এসে কোচিং সেন্টারে ভাঙচুর চালান।

তিনি অভিযোগ করেন, নাঈম ও তার অনুসারী আসাদ এবং মারুফসহ আরও বেশ কয়েকজন আমার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে আসছিলেন। এর আগেও বিভিন্নভাবে চাঁদা আদায় করেছেন তারা।

এ বিষয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি নাঈম ও তার সহযোগী আসাদকে গ্রেফতার করা হয়। মামলার অপর আসামি মারুফসহ অজ্ঞাতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।