রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা এলাকায় কাটা একটি পা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা খবর দিলে পুলিশ পড়ে থাকা পা উদ্ধার করে।
স্থানীয়রা জানান, ডিঙ্গাডোবা এলাকায় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। এই সড়কের পাশের একটি নিচু স্থানে একটি কাটা ডান পা পড়ে ছিলো। মঙ্গলবার সকাল ১০টার দিকে পথচারিরা প্রথমে সেটি দেখতে পান। এরপর পুলিশে খবর দেয়া হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ পা উদ্ধার করে নিয়ে যায়।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, কীভাবে একটি পা এলো তা তদন্ত করে দেখা হচ্ছে। কাটা পা উদ্ধার উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। এটি কার পা বা কারা ফেলে গেছে সে ব্যাপারে তদন্ত চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
