সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের (এমএ মালিক) বাসায় পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তেতলিতে তার বাসায় এ ঘটনা ঘটে। এ সময় সংসদ সদস্য ও তার স্ত্রী বাসায় অবস্থান করছিলেন।
পুলিশ জানায়, ভোরের দিকে পিকআপে করে এসে একদল দুর্বৃত্ত এম এ মালিকের বাসার বাইরে থেকে পেট্রলবোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে আগুনের সূত্রপাত হলে বাসার নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা উপকমিশনার (ডিসি-সিটিএসবি) মো. আফজাল হোসেন জানান, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে নাশকতাকারীরা। আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

মন্তব্য করুন