যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক আরোপের তালিকায় বাংলাদেশসহ ১৪টি বাণিজ্যিক অংশীদারের নাম থাকলেও নেই কানাডা। তবে তালিকায় না থাকাকে কানাডার জন্য পুরোপুরি ছাড় হিসেবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। খবর বিবিসির।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে ওই কর্মকর্তা বলেন, নতুন শুল্ক আরোপের জন্য যেসব দেশের বিরুদ্ধে তদন্ত চালানো হয়েছে, কানাডা তার অন্তর্ভুক্ত ছিল না। তবে এর অর্থ এই নয় যে দেশটির বাণিজ্যিক কর্মকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ নেই। তালিকাভুক্ত অন্য দেশগুলোর বিরুদ্ধে ‘গুরুতর অনিয়মের’ অভিযোগ থাকায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
নতুন শুল্কের আওতায় পড়া দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত।
এর আগে কানাডার বিভিন্ন পণ্যে কয়েক দফায় শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। কিছু পণ্যের ক্ষেত্রে শুল্কের হার ৫০ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ইস্পাত, তামা, গাড়ি ও অ্যালকোহল।
জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করে কানাডা। এর আওতায় এসেছে ধাতব পণ্য, সামুদ্রিক খাবার ও দুগ্ধজাত পণ্য।
তবে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্যের বড় একটি অংশ এখনো শুল্কমুক্ত। দুই দেশের পাশাপাশি মেক্সিকোকেও নিয়ে গঠিত যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তির (ইউএসএমসিএ) আওতায় এসব পণ্যে শুল্ক ছাড় রয়েছে।

মন্তব্য করুন