কুড়িগ্রামে ‘তন্ময় তনয় পুষ্টিচাল মিশ্রণ মিল ইউনিট-২’ স্থাপন ও এর লাইসেন্স গ্রহণকে কেন্দ্র করে নানা বিতর্ক ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। সরকারি বিধিবিধান অনুসরণ না করা, ঠিকানায় অসংগতি এবং প্রভাব খাটিয়ে মিল স্থাপনের চেষ্টাসহ বিভিন্ন অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, কুড়িগ্রাম টেক্সটাইল মিলকে ব্যবহার করে বিশেষ ক্ষমতাধর হিসেবে পরিচিত মাসুদার রহমান সরকারের বিধিবিধান যথাযথভাবে অনুসরণ না করেই পুষ্টিচাল মিশ্রণ মিলটি স্থাপনের উদ্যোগ নিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথভাবে অবহিত না করে খাদ্য অধিদপ্তরের অনুমোদন ও লাইসেন্স নেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রের দাবি, মিল-সংশ্লিষ্ট ব্যক্তির প্রকৃত ঠিকানা বগুড়া জেলায় হলেও বিভিন্ন কাগজপত্রে কুড়িগ্রাম সদর উপজেলার নাজিরা এলাকার ঠিকানা ব্যবহার করা হয়েছে। প্রকৃত ঠিকানার পরিবর্তে অন্য ঠিকানা ব্যবহারের এমন অভিযোগ সামনে আসায় মিলটির মালিকানা, জমি ও স্থাপনার বৈধতা এবং লাইসেন্স গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ, সরকারি নিয়মনীতি ও অনুমোদন প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না করে কোনো শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহির পরিপন্থী। বিশেষ করে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন ও আইনগত শর্ত পূরণ করা অত্যন্ত জরুরি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তাঁদের আশঙ্কা, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত না হলে ভবিষ্যতে এ ধরনের অনিয়মের সুযোগ তৈরি হতে পারে এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।
এলাকাবাসীর পক্ষ থেকে মিলটির জমি ও স্থাপনার বৈধতা, কুড়িগ্রাম টেক্সটাইল মিলের সঙ্গে এর সংশ্লিষ্টতা, ব্যবহৃত ঠিকানার সত্যতা, খাদ্য অধিদপ্তরের অনুমোদন এবং সংশ্লিষ্ট ব্যক্তির ভূমিকা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে। পাশাপাশি লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সব ধরনের আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
তাঁদের দাবি, সংশ্লিষ্ট প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

মন্তব্য করুন