“ঐক্যই শক্তি, ঐক্যই উন্নয়ন”—এই স্লোগানকে সামনে রেখে মানবিক, সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন “নবীনগর একতা যুব সংঘ, সিলেট”-এর প্রধান কার্যালয় উদ্বোধন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ অক্টোবর (শুক্রবার) রাত ৮টায় সিলেট নগরীর হযরত শাহ্চট (রঃ) রোড, কালিঘাটে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সংগঠনের সভাপতি জনাব মো. ইয়াসিন-এর সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান নয়ন-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, কালিঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। তেলাওয়াত পাঠ করেন সহ-সভাপতি মো. আবুল হোসেন।
সাধারণ সম্পাদক তাঁর বক্তব্যে সংগঠনের বিগত দিনের মানবিক কার্যক্রম তুলে ধরে জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে সংগঠনটি ঈদুল আজহায় কোরবানির মাংস বিতরণ, ফ্রি রক্তদান কর্মসূচি, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, অসহায় রোগীদের চিকিৎসায় সাহায্য প্রদান এবং যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ফুটসাল টুর্নামেন্ট ও প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করে আসছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ ছাড়াও কালিঘাট শ্রমিক কল্যাণ সংস্থা, চাউল বাজার শ্রমিক কল্যাণ সমিতি, কালিঘাট শ্রমিক কল্যাণ পরিষদ এবং কিশোরগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য শেষে সম্প্রতি মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সৌদি-প্রবাসী মরহুম মো. সাগর মিয়া-এর আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

মন্তব্য করুন