মালাইকা অরোরার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানার পর নিজেকে সিঙ্গল হিসেবে পরিচয় দিয়েছিলেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। তবে এবার তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। অভিনেতা নতুন কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে ইঙ্গিত দিয়েছেন বলিউড তারকা বরুণ ধাওয়ান।

সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের তৃতীয় পর্বে অতিথি হিসেবে হাজির হন বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর। অনুষ্ঠানে নিজেদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে আলোচনার একপর্যায়ে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন অর্জুন কাপুর।

সেখানে অর্জুনের প্রেমজীবন প্রসঙ্গে মজার ছলে কথা তোলেন বরুণ। তিনি দাবি করেন, অর্জুন বর্তমানে কারও সঙ্গে ডেট করছেন। বরুণের এমন মন্তব্যে বিস্ময় প্রকাশ করে অর্জুন জানতে চান, ‘আমি কাকে ডেট করছি?’

জবাবে বরুণ বলেন, ‘তুমিই বলে দাও।’ পাল্টা প্রতিক্রিয়ায় অর্জুন মন্তব্য করেন, ‘যেহেতু তুমি কারও সঙ্গে দেখা করেছ এবং ছবি তুলেছ, তাই বলে কি?’

দুই অভিনেতার এমন কথোপকথনের পর অর্জুনের নতুন সম্পর্ক নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে তিনি কারও সঙ্গে সম্পর্কে রয়েছেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি।

উল্লেখ্য, মালাইকা অরোরার সঙ্গে ২০১৮ সালের দিকে সম্পর্কে জড়ান অর্জুন কাপুর। প্রায় পাঁচ থেকে ছয় বছর তাঁদের সম্পর্ক স্থায়ী হয়। ২০২৪ সালে তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে। একই বছর একটি অনুষ্ঠানে নিজেকে সিঙ্গল বলেও পরিচয় দিয়েছিলেন অর্জুন। এরপর থেকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় আলোচনা তৈরি হয়েছে।

Facebook Comments Box