জাপান থেকে দেশে ফেরার আগে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিলম্ব হলেও সফরসঙ্গীদের সবাইকে সঙ্গে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকল্প উড়োজাহাজে এককভাবে দেশে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের রেখে তিনি ফিরতে চাননি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

শুক্রবার (৩০ অক্টোবর) এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আতিকুর রহমান রুমন বলেন, জাপান থেকে ঢাকার উদ্দেশে যাত্রার আগে উড়োজাহাজের কারিগরি পর্যবেক্ষণে সামান্য ত্রুটি শনাক্ত হয়। তবে সেটি গুরুতর কোনো সমস্যা ছিল না। সফটওয়্যারের মাধ্যমে দ্রুত ত্রুটির সমাধান করা হয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী চাইলে বিকল্প উড়োজাহাজে দেশে ফিরতে পারতেন। কিন্তু সফরসঙ্গীদের রেখে তিনি তা করতে চাননি। এ সময় তিনি উড়োজাহাজের যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের আশ্বস্ত করেন।

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও যাত্রীদের খোঁজখবর নেন। বিশেষ করে শিশু যাত্রীদের স্বস্তি নিশ্চিত করতে তিনি উদ্যোগী হন এবং তাঁদের জন্য খাবারের ব্যবস্থা করেন।

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ৫৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ থেকে ২৯ অক্টোবর দেশটি সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। পাশাপাশি দেশটির বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

Facebook Comments Box