মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু পেয়েছে বাংলাদেশ। মুমিনুল হকের হাত থেকে ক্যাচ ফসকে যাওয়ার পর এক ওভার বিরতি দিয়ে জাস্টিন গ্রিভসকে ফিরিয়েছেন নাঈম হাসান। তাঁর শিকারে ভেঙেছে ক্যারিবীয়দের ৫১ রানের জুটি।

শুক্রবার (৩০ অক্টোবর) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ২১৩ রান। এখনো ৫৯ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

দিনের শুরুতে ৪৩ রানে অপরাজিত থাকা তেজনারায়ণ চন্দরপল নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর তৃতীয় অর্ধশতক। তবে ৫৬ রানে পৌঁছানোর পর শরিফুল ইসলামের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ১৮৪ বলের ইনিংসে ছয়টি চার ও একটি ছক্কা মারেন এই বাঁহাতি ব্যাটার।

চন্দরপল ও জাস্টিন গ্রিভসের মধ্যে গড়ে ওঠে ৬৫ রানের জুটি। চন্দরপলের বিদায়ের পর অধিনায়ক রোস্টন চেজকে নিয়ে ইনিংস এগিয়ে নিতে থাকেন গ্রিভস।

তবে এই জুটি ভাঙার সুযোগ তৈরি হয়েছিল নাঈম হাসানের বলে। চেজের ব্যাট ছুঁয়ে শর্ট লেগে যাওয়া বলটি মুমিনুল হক দুই হাতে ঝাঁপিয়ে ধরলেও শেষ পর্যন্ত তালুবন্দি করতে পারেননি। ফলে জীবন পান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।

এরপর এক ওভার বিরতি দিয়ে আবার আক্রমণে ফিরে সফল হন নাঈম। তাঁর অফ স্পিনে এলবিডব্লিউর ফাঁদে পড়েন গ্রিভস। রিভিউও নেননি এই ডানহাতি ব্যাটার। ১০৩ বলে দুই চারে ৪৬ রান করে সাজঘরে ফেরেন তিনি।

প্রথম সেশন শেষে রোস্টন চেজ ৩০ রানে অপরাজিত রয়েছেন। মুমিনুলের ক্যাচ মিসের পরও গ্রিভসকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দিয়েছেন নাঈম।

এর আগে প্রথম দুই দিন আলোর স্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হয়েছিল। দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৩৪ রান।

Facebook Comments Box