ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। পুরোনো ও সাম্প্রতিক সময়ের পাঁচটি ছবি শেয়ার করে দীর্ঘদিনের বন্ধুত্বের স্মৃতিচারণ করেছেন তিনি।

স্পর্শিয়া জানান, ২০০৯ সাল থেকে তৌসিফের সঙ্গে তাঁর বন্ধুত্ব। কৈশোর থেকে শুরু হওয়া দীর্ঘ এই পথচলায় তৌসিফ তাঁকে নানা ভাবে অনুপ্রাণিত করেছেন। বন্ধুর সাফল্যে নিজের সাফল্যের মতোই গর্বিত বলেও উল্লেখ করেন তিনি।

শুভেচ্ছাবার্তায় স্পর্শিয়া লেখেন, পেশাগত অর্জনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা লড়াইয়ে জয়ী হওয়াও তাঁদের জন্য গর্বের বিষয়। এত বছরেও তাঁদের পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধন অটুট রয়েছে বলে জানান তিনি। তৌসিফের সুন্দর ভবিষ্যৎ কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানান এই অভিনেত্রী।

উল্লেখ্য, তৌসিফ মাহবুব মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। ২০১৩ সালে আদনান আল রাজীব পরিচালিত ‘অলটাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি। বর্তমানে ছোট পর্দার পরিচিত মুখ তিনি।