হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মামলা হওয়ার পর নিজের অবস্থান তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। তিনি প্রশ্ন তুলেছেন, অভিযোগ করলেই কি কাউকে দোষী সাব্যস্ত করা যায়?

তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(সি) ধারায় মামলাটি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ২৩ নভেম্বর তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ফেসবুকের স্ট্যাটাসে তিশা অভিযোগ করেন, তাঁর একটি বক্তব্যের রেকর্ড থেকে সুবিধামতো অংশ কেটে মূল বক্তব্যের অর্থ বদলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে তাঁর দীর্ঘদিনের সম্মান, ক্যারিয়ার ও অর্জন ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

তিশা লেখেন, ‘মামলা কি এতই সহজ? অভিযোগ করলেই সত্য হয়ে যায়?’ সত্য-মিথ্যা যাচাই না করে কোনো অভিযোগ বিশ্বাস না করার আহ্বান জানিয়ে তিনি এ বিষয়ে আদালত ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকার ওপর গুরুত্ব দেন।

অভিনেত্রীর দাবি, এ ঘটনা সম্পর্কে তাঁর কাছে বিভিন্ন তথ্য ও প্রমাণ রয়েছে। তবে অভিযোগের সত্যতা নির্ধারণে আদালতের বিচারিক প্রক্রিয়াই গুরুত্বপূর্ণ।