প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে নিজের বিরুদ্ধে পরিকল্পিত ভয়াবহ চক্রান্ত থেকে রক্ষা পেয়েছেন বলে দাবি করেছেন সদ্য সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এ দাবি করেন।
ইশরাক লেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পদত্যাগের নির্দেশ প্রথমে তাঁর কাছে শাস্তি মনে হয়েছিল। তবে পরে তিনি বুঝতে পেরেছেন, প্রধানমন্ত্রী তাঁকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন। তাঁর দাবি, একটি গণমাধ্যম ও স্বার্থান্বেষী গোষ্ঠী তাঁকে লক্ষ্য করে ক্ষতিকর পরিকল্পনা করেছিল।
ইশরাকের ভাষ্য, পরিকল্পনা অনুযায়ী ধারাবাহিক প্রতিবেদন ও মিথ্যা প্রচারণার মাধ্যমে তাঁর চরিত্রহনন, জনসমালোচনা তৈরি এবং জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করা হতো। এতে তাঁর রাজনৈতিক ক্যারিয়ারও হুমকির মুখে পড়তে পারত বলে মনে করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রতি আস্থার কথা উল্লেখ করে ইশরাক বলেন, তারেক রহমান তাঁকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন এবং তাঁর কল্যাণের কথা ভাবেন। অতীতেও এর প্রমাণ পেয়েছেন বলে দাবি করেন তিনি।
নিজের শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে ইশরাক আরও বলেন, একটি কঠিন কাজ শুরু করতে গিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেখান থেকে উদ্ভূত চক্রান্ত এড়িয়ে তিনি নিজেকে রক্ষা করতে পেরেছেন।
তবে তাঁর পোস্টে উল্লেখ করা চক্রান্তের বিষয়ে সংশ্লিষ্ট গণমাধ্যম বা অন্য কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন