সিনেমার পাশাপাশি ব্যবসায়ও সাফল্যের মুখ দেখছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তাঁর পারফিউম ব্র্যান্ড ‘সিক্রেট অ্যালকেমিস্ট’-এর আয় গত আট মাসে আট গুণ বেড়ে ১২০ কোটি রুপি ছাড়িয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
অঙ্কিতা থাডানি ও আকাশ ভালির সঙ্গে যৌথভাবে ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করেন সামান্থা। ব্যবসায়িক এই সাফল্যের পাশাপাশি তাঁর অভিনীত নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’ও ১০০ কোটি রুপির বেশি আয় করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুটি উদ্যোগের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে সামান্থা বলেন, ভিন্ন দুটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করতে পেরে তিনি আনন্দিত। তাঁর ভাষ্য, ‘মা ইন্তি বাঙ্গারাম’ হৃদয়ের কাছের একটি সিনেমা। অন্যদিকে, ‘সিক্রেট অ্যালকেমিস্ট’ শূন্য থেকে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার অভিজ্ঞতা।
মানুষের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, এসব অর্জন তাঁকে নতুন লক্ষ্য অর্জন এবং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার মতো কাজ করতে অনুপ্রাণিত করে।
পারফিউম ব্যবসার বাইরেও একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন সামান্থা। ২০২০ সালে সুশ্রুতি কৃষ্ণার সঙ্গে তিনি প্রতিষ্ঠা করেন নারীদের ফ্যাশন ও জীবনধারাভিত্তিক ব্র্যান্ড ‘সাকি’। এ ছাড়া ‘মাইল কালেক্টিভ’ নামের অ্যাকটিভওয়্যার ও লাইফস্টাইল ব্র্যান্ড এবং পুষ্টিবিষয়ক সম্পূরক পণ্যের ব্র্যান্ড ‘গাটাকা’র সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে সামান্থার এই অগ্রযাত্রা বিনোদনজগতের তারকাদের ব্যবসায়িক উদ্যোগের সাফল্যকেও সামনে নিয়ে এসেছে।


মন্তব্য করুন