লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ১২ জন ভারতের অভ্যন্তরে সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর প্রধান সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ওই ১২ জনের মধ্যে দুই শিশু, দুই নারী ও আটজন পুরুষ রয়েছেন।
রাতের আঁধারে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সদস্যরা বাধা দিলে বিএসএফের এ চেষ্টা ব্যর্থ হয়।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বাংলাদেশে প্রবেশ করতে না পেরে ওই ১২ জন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। এ ঘটনায় সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করেছে বিজিবি।
এদিকে, ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে ব্যাখ্যা চেয়েছে বিজিবি। বিষয়টি নিয়ে আলোচনার জন্য রোববার (১৮ অক্টোবর) সকালে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা বিজিবির সতর্ক টহল দলের বাধায় ব্যর্থ হয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।
সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন