হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই। নাগরিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার বিবেচনা করে নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর বনানী মাঠে শারদীয় দুর্গোৎসবের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই, আপনারা আপনাদের বিবেকের কাছেই দায়ী থাকবেন।”

তিনি বলেন, অতীতে হিন্দু ধর্মাবলম্বীদের ব্যবহার করে অনেকে রাজনৈতিক ফায়দা লুটেছেন। তবে বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে নিজেদের অধিকার ও স্বাধীনতা বিচার করার দায়িত্ব তাদের নিজেদেরই।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, যে সময়ে নাগরিক অধিকার, ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের স্বাধীনতা, সরকারি বরাদ্দ ও ছুটির সুযোগ বেশি থাকবে, সেই সময়ে সংশ্লিষ্ট সরকারের প্রতি সমর্থন বেশি থাকবে বলে আশা করা যায়।

ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সব নাগরিক সমান অধিকার ভোগ করবেন। ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না। সবাই বাংলাদেশের নাগরিক এবং সমান অধিকারের অধিকারী।

তিনি বলেন, সংবিধান সব ধর্মাবলম্বীকে স্বাধীনভাবে ধর্মচর্চা, উপাসনালয় প্রতিষ্ঠা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার দিয়েছে। এসব অধিকার নিশ্চিত করা সবার দায়িত্ব।

দুর্গাপূজার আয়োজন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার দেশে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ সরকারি বরাদ্দ ও সর্বোচ্চ ছুটির ব্যবস্থা রয়েছে। নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপনে সরকার সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।