ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাস ও মডেল-অভিনয়শিল্পী আদনান আজাদের রোমান্টিক ফটোশুট ঘিরে বিনোদন অঙ্গনে তৈরি হয়েছে আলোচনা। দীর্ঘ ১৮ বছর পর পুরোনো এই জুটিকে নতুন রূপে দেখে ভক্তদের মনে প্রশ্ন—নিছক ফটোশুট, নাকি নতুন কোনো সিনেমার প্রস্তুতি?
গত বৃহস্পতিবার আদনান আজাদের সঙ্গে তোলা বেশ কয়েকটি রোমান্টিক স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। অনেকেই প্রথমে চিনতে পারেননি আদনানকে।
জানা গেছে, নতুন সিনেমায় একসঙ্গে কাজ করার পরিকল্পনা থেকেই এই ফটোশুট করেছেন তারা। বিষয়টি নিশ্চিত করে অপু বলেন, কাজের প্রয়োজনে সম্প্রতি বেশ কয়েকজনের সঙ্গে ফটোশুট করেছেন তিনি। তবে আদনানের সঙ্গে তোলা ছবিগুলো প্রকাশের পর তুলনামূলক বেশি সাড়া পেয়েছেন।
অপু আরও জানান, আদনান বড় পরিসরে ভালো সিনেমা নির্মাণ করতে চান। দেশের বাইরে থেকে দক্ষ একটি দল নিয়ে কাজ করার পরিকল্পনাও রয়েছে তার। এ বিষয়ে দুজনের মধ্যে আলোচনা চলছে। শিগগিরই আবার তাদের দেখা হওয়ার কথা রয়েছে। তবে সিনেমার নাম, গল্প কিংবা নির্মাণের সময় নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
প্রায় ১৮ বছর আগে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘পাষাণের প্রেম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন অপু ও আদনান। ওই সিনেমার মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক হয় আদনানের। দুজনের বাড়িই বগুড়ায়।
পরবর্তী সময়ে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে জনপ্রিয়তা পান অপু বিশ্বাস। অন্যদিকে অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি আদনান।
ফটোশুটের ছবি প্রকাশ করে আদনান লিখেছেন, ১৮ বছর আগে অপুর হাত ধরেই তার নায়ক হিসেবে যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘ বিরতির পর জীবনের দ্বিতীয় ইনিংসও শুরু হলো তাকে সঙ্গে নিয়ে।
অপুর পোস্টেও ভক্তরা পুরোনো এই জুটিকে আবার বড়পর্দায় দেখার আগ্রহ জানিয়েছেন। এখন দেখার বিষয়, তাদের এই রোমান্টিক ফটোশুট শেষ পর্যন্ত নতুন সিনেমার মধ্য দিয়ে দর্শকদের সামনে আসে কি না।

মন্তব্য করুন