শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের প্রকাশ ঘটে। সব ধর্মের মূল শিক্ষা মানবতার কল্যাণ, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা।

তারেক রহমান বলেন, প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় বিধান ও সংস্কৃতি অনুসরণের পাশাপাশি অন্যের প্রতি শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রাখা জরুরি। এর মধ্য দিয়েই সমাজে শান্তি ও সম্প্রীতির পরিবেশ অটুট রাখা সম্ভব।

প্রধানমন্ত্রী আরও বলেন, গণতন্ত্রের পথে বাংলাদেশের নতুন যাত্রায় দল, মত, ধর্ম ও বর্ণনির্বিশেষে সব নাগরিকের জন্য কল্যাণমূলক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা সরকারের অঙ্গীকার।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, সারা দেশে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিশ্চিন্তে ও নিরাপদে দুর্গাপূজার আনন্দ উদযাপন করুন।

শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।”