ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে প্রবেশ করেছেন সাত শতাধিক পর্যটক। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল থেকে পর্যটকদের আনাগোনায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে পাহাড়ি এই পর্যটনকেন্দ্রে।

দুর্গাপূজার ছুটিকে সামনে রেখে পর্যটকদের আগমনে আশাবাদী হয়ে উঠেছেন স্থানীয় ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিরাপত্তাজনিত উদ্বেগ ও সাজেক সড়কে অবরোধের কারণে গত কয়েক দিন পর্যটকদের যাতায়াতে বিঘ্ন ঘটে। পরিস্থিতি বিবেচনায় রাঙামাটি জেলা প্রশাসন সাজেকে ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। পরে দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেক সড়কের অবরোধ স্থগিতের ঘোষণা দেন আন্দোলনকারীরা। এরপর জেলা প্রশাসনও পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।

সাজেকের পরিবহন লাইনম্যান ইয়াসির আরাফাত জানান, শুক্রবার সকালের স্কর্টে প্রায় সাত শতাধিক পর্যটক সাজেকে প্রবেশ করেছেন। বিকেলের স্কর্টেও আরও পর্যটক আসবেন বলে আশা করা হচ্ছে।

তবে পর্যটকদের আগমন শুরু হলেও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ রয়েছে। পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় রিসোর্ট, কটেজ, পরিবহন ও খাবারের দোকানসহ বিভিন্ন খাতে আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল।

সাজেক রিসোর্ট ও কটেজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেন, পর্যটন কার্যক্রম স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করা জরুরি।

তিনি পর্যটকদের প্রশাসনের নির্দেশনা মেনে চলার পাশাপাশি ভ্রমণের আগে সড়কের সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে পূজার ছুটিতে সাজেক ভ্রমণে আগাম বুকিং দিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।