রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে যাতায়াতের প্রধান সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়েছে। এতে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা। সাজেকে অবস্থানরত অনেক পর্যটকও আটকা পড়েছেন।

রোববার (১১ অক্টোবর) সকাল থেকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে সাজেক-দীঘিনালা সড়কে এ কর্মসূচি শুরু হয়। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে অবরোধ করছেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গঙ্গারাম উঁচাবাজারসহ সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং করছেন অবরোধকারীরা। ফলে সাজেক ও বাঘাইছড়ি থেকে দীঘিনালাগামী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

অবরোধকারীদের অভিযোগ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নাম ব্যবহারকারী একটি সশস্ত্র গোষ্ঠী এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে এবং সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা জানিয়েছেন, সরকার অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান আইনি ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

এদিকে, সাজেক পর্যটনকেন্দ্রের লাইনম্যান ইয়াছিন আরাফাত জানান, শনিবার নিরাপত্তা বহরের সঙ্গে ৯০টি যানবাহনে প্রায় ৯০০ পর্যটক সাজেকে প্রবেশ করেছেন।

সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, অবরোধের কারণে পর্যটকদের যাতায়াতে নিরাপত্তা বহর বা স্কর্টের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। দুপুর ২টায় একটি স্কর্টের মাধ্যমে পর্যটকদের সাজেক থেকে নামানো এবং নতুন পর্যটকদের প্রবেশের ব্যবস্থা হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।