ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের জন্মদিন আজ ১১ অক্টোবর। বিশেষ এই দিনে মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে ছেলে আব্রাম খান জয়। জন্মদিনের প্রথম প্রহরে মায়ের সঙ্গে কেক কাটার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা জানিয়েছে সে।
অপু বিশ্বাসের ফেসবুক পোস্টে ছেলের শুভেচ্ছাবার্তার একটি ঝলক দেখা গেছে। সেখানে জয় লিখেছে, ‘হ্যাপি বার্থডে, মাই প্রিন্সেস মমি।’ সঙ্গে জুড়ে দিয়েছে ভালোবাসার ইমোজি।
১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়ায় জন্মগ্রহণ করেন অপু বিশ্বাস। ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল তাঁর। নাচ শেখার সুবাদে একসময় অভিনয়জগতে পা রাখেন তিনি। ২০০৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর।
পরের বছর এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পান অপু। শাকিব খানের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। পরবর্তী সময়ে এই জুটির একাধিক সিনেমা ব্যবসায়িক সাফল্য পায়।
দীর্ঘ অভিনয়জীবনে ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘আমার জান আমার প্রাণ’, ‘মনে প্রাণে আছো তুমি’ ও ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’সহ বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত হয়েছেন তিনি। ‘লাল শাড়ি’ চলচ্চিত্রের মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী।
দুই দশকের ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই পেরিয়ে ঢালিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন অপু বিশ্বাস। জন্মদিনে ছেলের ভালোবাসাভরা শুভেচ্ছা তাঁর বিশেষ দিনটিকে আরও আনন্দময় করে তুলেছে।

মন্তব্য করুন