সৌদি আরবগামী ইন্দোনেশীয় যাত্রীদের জন্য ঢাকাকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া। একই সঙ্গে ঢাকা ও জাকার্তার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ সফররত ইন্দোনেশিয়ার পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী আনিস মাত্তার সঙ্গে বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশের পণ্য ইন্দোনেশিয়ার বাজারে আরও বেশি প্রবেশের সুযোগ তৈরি করতে দেশটিকে বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
দুই দেশের নারী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইন্দোনেশিয়ার উপমন্ত্রী প্রচলিত বাণিজ্যিক সম্পর্কের বাইরে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাংস্কৃতিক বিনিময়েও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়।
এ ছাড়া শিক্ষা ও প্রশিক্ষণ খাতে দুই দেশের সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন শামা ওবায়েদ। বাংলাদেশে ইন্দোনেশীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর প্রস্তাবও দেন তিনি। বিশেষ করে বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্দোনেশীয় শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ তৈরির বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ঢাকা-জাকার্তার সরাসরি বিমান যোগাযোগ চালু হলে দুই দেশের মানুষের যাতায়াত, বাণিজ্য ও পর্যটন আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।






মন্তব্য করুন