দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও একসঙ্গে বড় পর্দায় দেখা যেতে পারে শাহরুখ খান ও কারিনা কাপুর খানকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার একটি বিশেষ গানে শাহরুখের সঙ্গে হাজির হওয়ার কথা রয়েছে কারিনার। ২০১১ সালের ‘রা. ওয়ান’-এর পর এটিই হতে যাচ্ছে তাদের প্রথম পর্দা ভাগাভাগি।

পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘কিং’ সিনেমার ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি বিশেষ গানে দেখা যাবে এই দুই তারকাকে। সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ হিসেবে গানটি নির্মাণের পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা।

চলতি অক্টোবরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় গানটির দৃশ্যধারণ হওয়ার কথা রয়েছে। শাহরুখের সঙ্গে শুটিংয়ের জন্য প্রায় পাঁচ দিন সময় দিয়েছেন কারিনা। বড় আয়োজন ও জমকালো পরিবেশে গানটির দৃশ্যধারণের পরিকল্পনা রয়েছে।

গানটি নিয়ে আরও একটি চমকপ্রদ গুঞ্জন ছড়িয়েছে। এতে কোনো আন্তর্জাতিক সংগীতশিল্পী কণ্ঠ দিয়েছেন বলে জানা গেলেও তার পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে আলোচনায় রয়েছে ব্রিটিশ সংগীত তারকা এড শিরানের নাম। যদিও নির্মাতাদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

শাহরুখ ও কারিনা এর আগে ‘কাভি খুশি কাভি গম’, ‘ডন’ ও ‘রা. ওয়ান’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। দীর্ঘ বিরতির পর জনপ্রিয় এই জুটির প্রত্যাবর্তন তাই দর্শকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে।

এদিকে আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে ‘কিং’-এর নতুন কোনো ঝলক প্রকাশ করা হতে পারে। ওই সময় থেকেই সিনেমাটির প্রচারণা পুরোদমে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তারকাবহুল ‘কিং’-এ শাহরুখের পাশাপাশি রয়েছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়ালসহ আরও অনেকে।