ঢালিউডে শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় ব্যাপক পরিচিতি পান কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এরপর শাকিবের সঙ্গে ‘বরবাদ’ এবং টালিউডে দেবের বিপরীতে ‘খাদান’ সিনেমায় অভিনয় করে দুই বাংলার দর্শকের কাছেই পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। তবে ইধিকা নামেই যে তার অভিনয়জীবনের শুরু, তা নয়।

অভিনয়ের শুরুর দিকে ইধিকা পালের নাম ছিল টুম্পা পাল। ‘আরব্য রজনী’, ‘কপালকুণ্ডলা’ ও ‘রিমলি’র মতো টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের সময় তিনি টুম্পা নামেই পরিচিত ছিলেন। তবে বড় পর্দায় অভিষেকের আগে নিজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী। বিনোদন অঙ্গনে আলাদা পরিচিতি তৈরি এবং ভিন্নধর্মী একটি নাম বেছে নেওয়ার ভাবনা থেকেই ‘ইধিকা’ নামটি গ্রহণ করেন বলে জানা যায়।

নাম পরিবর্তনের পর নতুন পরিচয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। শাকিব খান ও দেবের মতো জনপ্রিয় তারকার সঙ্গে কাজের সুযোগ পেয়ে অল্প সময়েই আলোচনায় উঠে আসেন ইধিকা। বর্তমানে দুই বাংলার চলচ্চিত্রেই তার ব্যস্ততা বাড়ছে।

ইধিকাকে এবার দেখা যেতে পারে নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’ সিনেমায়। এ ছাড়া পরিচালক পথিকৃৎ বসুর একটি নতুন সিনেমায় অভিনেতা জিতের বিপরীতে অভিনয়ের বিষয়েও আলোচনা চলছে। তবে এই প্রকল্পের বিষয়ে এখনো সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা বা শিল্পীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।