রাশিয়া থেকে বিশেষ এয়ার কার্গো বিমানে করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানির প্রথম চালান বাংলাদেশে পৌঁছেছে। আকাশপথের জটিলতা কাটিয়ে শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটে বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম জ্বালানি অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কয়েকটি চালানে রাশিয়া থেকে বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। এবারের চালানটি সেই প্রক্রিয়ার প্রথম ধাপ। পর্যায়ক্রমে দ্বিতীয় ইউনিটের জন্য প্রয়োজনীয় সব পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে।

এর আগে রূপপুরের প্রথম ইউনিটের জন্যও রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি বাংলাদেশে আনা হয়েছে। দ্বিতীয় ইউনিটের প্রথম চালানটি গত ২৪ সেপ্টেম্বর দেশে পৌঁছানোর কথা ছিল। তবে আকাশপথ ব্যবহারের অনুমতি-সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়ে বিমানটি বাংলাদেশে আসতে পারেনি। পরে নতুন সূচি অনুযায়ী ২ অক্টোবর চালানটি ঢাকায় পৌঁছে।

এদিকে রূপপুরের প্রথম ইউনিটের গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরীক্ষাতেও অগ্রগতি হয়েছে। ইউনিটটির চাপচালিত ত্রাণ ভাল্বের পরীক্ষা ১৬ মেগাপাসকেল চাপে সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে ভাল্বটির নির্ধারিত চাপ পরীক্ষা শেষ হয়েছে। এখন প্রায় ১৮ মেগাপাসকেল চাপে পরবর্তী পরীক্ষা করার প্রস্তুতি চলছে। প্রথম ইউনিটের নিরাপত্তা ব্যবস্থার এই পরীক্ষা সফলভাবে শেষ হওয়ায় পরবর্তী ধাপের পরীক্ষার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।