
‘সমৃদ্ধির পথে নারীর শক্তি, একতা ও সততার প্রতীক’—এই প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে স্থানীয় নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ অডিটরিয়ামে সমৃদ্ধি যুব মহিলা সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এ পণ্য প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাসান ও জেলা সমবায় কর্মকর্তা হরে কৃষ্ণ বর্মন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা হরে কৃষ্ণ বর্মন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাজাহারুল ইসলাম, সমৃদ্ধি যুব মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নুসরাত জাহান, সাধারণ সম্পাদক ফারজানা মিলি, সহ–সভাপতি শিরিন আক্তার শাপলাসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
পণ্য প্রদর্শনীতে স্থানীয় নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। অনুষ্ঠানকে ঘিরে নারী উদ্যোক্তা ও অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীদের আত্মনির্ভরশীলতা, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক অংশগ্রহণ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণেও এ ধরনের উদ্যোগ সহায়ক হবে।