হবিগঞ্জের মাধবপুরে সরকারি কোনো ইজারা ছাড়াই সোনাই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে মূল্যবান সিলিকা বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে কৃষি সেচের জন্য প্রায় ৮কোটি টাকা ব্যয়ে নির্মিত সোনাই নদীর বহরা ও অলিপুর এলাকার দুটি রাবার ড্যাম হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে যেকোনো সময় রাবার ড্যাম দুটির স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধসে পড়তে পারে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সোনাই নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজার বসিয়ে সিলিকা বালু উত্তোলন করে বিক্রি করা হলেও কার্যকরভাবে তা বন্ধ করা যাচ্ছে না। এতে সরকার একদিকে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে নদীর স্বাভাবিক গতিপথ ও তীরবর্তী অবকাঠামো ঝুঁকির মধ্যে পড়ছে।
অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, রাবার ড্যাম পরিচালনা কমিটির কয়েকজন সদস্য ও অসাধু ব্যক্তিদের সমন্বয়ে একটি চক্র অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রি করছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। সরেজমিনে দেখা যায়, সোনাই নদীর দুই তীরে বোরহানপুর, ভবানীপুর, দুর্লভপুর, আফজলপুর, বহরা, মরারচর, চৌমুহনী কোয়ারি, কাশিমপুর, অলিপুর, আলাবক্সপুর, মনোহরপুর, মঙ্গলপুর, গাজীপুর ও আশ্রবপুর এলাকায় বিপুল পরিমাণ বালু স্তূপ করে রাখা হয়েছে। এসব বালু ট্রাক ও ট্রাক্টরে করে বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের আরও অভিযোগ, প্রশাসন অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গেলে আগেই খবর পৌঁছে যায় সংশ্লিষ্টদের কাছে। পরে ড্রেজার মেশিন ও বালু পরিবহনের যানবাহন সরিয়ে ফেলা হয়। ফলে অভিযানে অনেক সময় বড় ধরনের মজুত ও সংশ্লিষ্টদের আটক করা সম্ভব হয় না। গত ১-সেপ্টেম্বর মাধবপুর উপজেলা প্রশাসন সোনাই নদী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, অভিযানের পরপরই নদীর দুই তীরে মজুত করা বালু আবার বিক্রি শুরু হয়।
চেতন মহলের দাবি, অবৈধ সিলিকা বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে সরকারি রাজস্ব রক্ষা এবং রাবার ড্যাম দুটি সংরক্ষণ করা কঠিন হবে। একই সঙ্গে নদীর গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় নিয়মিত নজরদারি ও কার্যকর অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তারা। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, “সুযোগ পেলেই চোরাই বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এসিল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ পদসহ লোকবল কম থাকায় সব সময় পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না।
হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বলেন, “সিলিকা বালুর বিষয়ে আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। বিষয়টি খনিজ সম্পদ মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সেখান থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক কাজী জিয়াউল বাসেত বলেন, “আমাদের ম্যাজিস্ট্রেট সেখানে যাবে। জেলা ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় অবৈধ সিলিকা বালুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
