সীমান্তজুড়ে চোরাচালান রোধে কঠোর নজরদারির মধ্যে খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) হাতে ধরা খেল ভারতীয় গরুর চালান। চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্ত এলাকায় ভোররাতে অভিযান চালিয়ে ৬টি ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবির একটি চৌকস টহলদল। বিজিবির ধাওয়া খেয়ে গরুগুলো রেখেই ভারতের দিকে পালিয়ে যায় দুই চোরাকারবারী।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে কয়লারমুখ বিওপির টহলদল সীমান্ত পিলার ২২০৫/৬ আরবি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রহমতপুর এলাকায় কৌশলগত অবস্থান (ফাঁদ) নেয়।
এরপর ভোর সাড়ে ৫টার দিকে ভারতের দিক থেকে দুই চোরাকারবারীকে ৬টি গরু নিয়ে বাংলাদেশের সীমানায় প্রবেশ করতে দেখে বিজিবি। টহলদল তাৎক্ষণিক তাদের চ্যালেঞ্জ করে ধাওয়া দিলে চোরাকারবারীরা ধরা পড়ার ভয়ে গরুগুলো সীমান্তেই ফেলে রেখে দ্রুত ভারতের ভূখণ্ডে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে মালিকহীন অবস্থায় ৬টি ভারতীয় গরু জব্দ করেন। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে বিজিবি কর্মকর্তা জানান, সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা কড়া প্রহরায় রয়েছে। একই সঙ্গে চোরাচালান ও যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে স্থানীয় বাসিন্দাদের তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ জানিয়েছে বিজিবি।
