হারানো অস্ত্র উদ্ধারে জনগণের সহযোগিতা চায় র‌্যাব-৭

চট্টগ্রামের হারিয়ে যাওয়া সরকারি অস্ত্রের ৮৪ শতাংশ উদ্ধার হলেও বাকি ১৬ শতাংশ উদ্ধারে এবং সাজানো অপহরণের ঘটনা রোধে সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭। একই সঙ্গে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সেখানে যৌথ বাহিনীর ক্যাম্প বহাল রাখার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

​সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর চান্দগাঁও এলাকায় অবস্থিত র‌্যাব-৭-এর মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।

​সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ অধিনায়ক জানান, চট্টগ্রামের হারিয়ে যাওয়া বাকি ১৬ শতাংশ অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে র‌্যাবের নেতৃত্বে বিশেষ অভিযান চলছে। এসব অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত পুরো সমাজের জন্যই ঝুঁকি থেকে যায়। তাই কোনো ভয় না পেয়ে পরিত্যক্ত বা অন্য কোনোভাবে পাওয়া অস্ত্র র‌্যাবের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আশ্বস্ত করেন, গোপন তথ্য দিয়ে বা সরাসরি অস্ত্র জমা দিয়ে যে বা যারা সহযোগিতা করবেন, তাদের উপযুক্ত পুরস্কৃত করা হবে।

​সম্প্রতি সাজানো অপহরণ বা ভুয়া অপহৃত হওয়ার প্রবণতা বৃদ্ধির বিষয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে লেফট্যানেন্ট কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, “সম্প্রতি তিনটি অপহরণের খবর পেয়ে অভিযান চালিয়ে দেখা গেছে—একজন অনলাইন জুয়ায় ৩ লাখ টাকা হেরে আত্মগোপনে ছিলেন, একজন স্বজনদের বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছিলেন এবং অন্যজন পারিবারিক অভিমান থেকে আত্মগোপন করেন।” এ ধরনের ভিত্তিহীন অভিযোগে বাহিনীর দীর্ঘ সময় ও বিপুল জনবল অপচয় হয়, যা প্রকৃত অপরাধ দমনে বড় ধরণের প্রতিবন্ধকতা তৈরি করছে বলে জানান তিনি।

​সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, যৌথ বাহিনীর ক্যাম্প স্থাপনের পর থেকে সেখানে কোনো বড় ধরনের অপরাধ ঘটেনি। ওই এলাকার সার্বিক নিরাপত্তা সম্পূর্ণ সুসংহত না হওয়া পর্যন্ত সেখান থেকে ক্যাম্প প্রত্যাহার করা হবে না।

​এ ছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় বিদেশি অপরাধীদের ছদ্মবেশে অবস্থান ঠেকানোসহ সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাবের সতর্ক নজরদারি অব্যাহত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।