
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি ও ‘পেশাদার জুয়াড়ি’ হিসেবে পরিচিত মো. ওসমান গনিকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে আড়ালে থেকে জুয়ার আসর পরিচালনা ও অপরাধমূলক কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে তাকে আটক করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ইপিজেড থানাধীন আকমল আলী রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আটক ওসমান গনি হাটহাজারী উপজেলার ফতেপুর গ্রামের মো. মনির হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ইপিজেডের আকমল আলী এলাকায় ভাড়া বাসায় অবস্থান করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় ওসমান গনি একজন চিহ্নিত জুয়াড়ি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নির্জন ও দুর্গম স্থানে টাকার বিনিময়ে জুয়ার আসর বসিয়ে আসছিলেন তিনি। তার বিরুদ্ধে জুয়ার আসর বসানোর জন্য ঘর নির্মাণ, স্থানীয়দের প্রলুব্ধ করে জুয়ায় জড়ানো এবং জুয়াড়িদের আশ্রয় দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
ইপিজেড থানা সূত্রে জানা গেছে, ওসমান গনির বিরুদ্ধে ২০২৫ সাল ও চলতি বছরে জুয়া আইন, ১৮৬৭-এর বিভিন্ন ধারায় পূর্বের দুটি মামলা পেন্ডিং ছিল। সর্বশেষ শনিবার (১২ সেপ্টেম্বর) জুয়া খেলা ও আসর আয়োজনের অভিযোগে তার বিরুদ্ধে নতুন করে আরও একটি মামলা করা হয়েছে। এ নিয়ে ওই থানায় তার বিরুদ্ধে মোট মামলার সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, “আসামি দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ জুয়ার আসর পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষ করে শনিবার তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে।”
