
মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে আসা মাদকের দুটি বড় চালান নস্যাৎ করে দিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড।
টেকনাফ ও উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ এবং ৫ হাজার পিস ইয়াবা।
এসব ঘটনায় জড়িত এক মাদক কারবারিকে আটক করা হলেও কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে আইস চালানের সাথে জড়িতরা।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত পার হয়ে ক্রিস্টাল মেথের চালান প্রবেশের গোপন খবরে বুধবার মধ্যরাতে (রাত ১টা থেকে ৩টা) টেকনাফ ও শাহপরীর দ্বীপ স্টেশনের কোস্টগার্ড সদস্যরা যৌথ অভিযান শুরু করেন।
টেকনাফ থানার জালিয়ার দ্বীপ ও জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় সন্দেহভাজন দুটি কাঠের বোট দেখতে পান তারা।
কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বোট দুটি প্যারাবন ও কেওড়া বনে ফেলে পালিয়ে যায়।
পরে পরিত্যক্ত বোট দুটি জব্দ করে তল্লাশি চালানো হয়।
সেখান থেকে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় লুকানো ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা।
এর আগে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উখিয়ার পালংখালী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান পরিচালিত হয়।
অভিযানে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
কোস্টগার্ড জানায়, জব্দ করা মাদক, ট্রলার ও আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মাদকের বিস্তার রোধে সীমান্তে কোস্টগার্ডের নজরদারি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।
