ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ, অননুমোদিত ও বেআইনিভাবে মজুত করা ওষুধ বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।
পৌরসভার বিবিরহাট বাজারে অভিযান চালিয়ে অনিয়মের দায়ে ৪টি ফার্মেসিকে সর্বমোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর যৌথভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিবিরহাট বাজারের বেশ কিছু ফার্মেসিতে দীর্ঘ দিন ধরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অনুপযোগী পরিবেশে ওষুধ সংরক্ষণ, বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল রাখা এবং অবৈধভাবে ভারতীয় ওষুধ মজুত করার অভিযোগ উঠছিল।
এসব অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক তদারকি চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে অনিয়মের সত্যতা মেলায়—
করিম ড্রাগ হাউস-কে ৫০ হাজার টাকা
করিম ক্লিনিক ফার্মেসি-কে ২০ হাজার টাকা
জনসেবা ফার্মেসি-কে ২০ হাজার টাকা
রাকিব ফার্মেসি-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার পাশাপাশি জব্দ করা সমস্ত মেয়াদোত্তীর্ণ, অননুমোদিত ও অবৈধ ওষুধ স্পটেই ধ্বংস করা হয়।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ বলেন, “সাধারণ মানুষের স্বাস্থ্য ও জীবন নিয়ে ব্যবসা করার কোনো সুযোগ নেই।
বাজারে সুশাসন বজায় রাখতে এবং ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”