
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কৃষক ছানোয়ার হোসেন হত্যা মামলায় এক নারীসহ ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।
রোববার (২৩ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—সলঙ্গা থানার চর বেড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মানিক হোসেন ওরফে হীরা মানিক, একই গ্রামের আমজাদ হোসেন আকন্দের ছেলে মাহমুদুল হাসান নয়ন, ইসমাইল হোসেন আকন্দের ছেলে রুবেল মিয়া, ছোলায়মান হোসেন আকন্দের ছেলে শরিফুল ইসলাম, চর গোজা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন এবং রামারচর গ্রামের মো. মোন্নাফের ছেলে শাহাদত হোসেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
রায় ঘোষণার পর ছয় আসামিকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
মামলার অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, নিহত কৃষক ছানোয়ার হোসেনের সঙ্গে হীরা মানিকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।
সেই সম্পর্কের সূত্রে হীরা মানিক ছানোয়ার হোসেনের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা ধার নেন।
পরবর্তীতে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়।
২০২০ সালের ৮ জুলাই সন্ধ্যায় মোবাইল ফোনে ছানোয়ার হোসেনকে ডেকে নিয়ে যান হীরা মানিক।
এরপর থেকে নিখোঁজ ছিলেন ছানোয়ার।
স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।
এর চার দিন পর, ১২ জুলাই সকালে উল্লাপাড়া উপজেলার সূর্য নদীতে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখেন।
খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি ছানোয়ার হোসেনের বলে শনাক্ত করেন।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা খাতুন বাদী হয়ে হীরা মানিকের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ ছয়জনকে আসামি করে ২০২২ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত ছয় আসামিকেই দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
