
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে শ্রীমঙ্গল ও হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন, র্যাব এবং জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্স।
শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী স্টেশনে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
জব্দকৃত মালামালের মধ্যে ছিল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স, ইলেকট্রনিক্স পণ্য, কাপড় ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল বিজিবি ও হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। এসময় র্যাব ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলে টাস্কফোর্স সূত্র জানায়।
এ বিষয়ে এখনো কাউকে আটক করা যায়নি। তবে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
